রাজধানী ঢাকাসহ দেশের একাধিক জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়।
চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার ও সিলেট অঞ্চলেও কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা। হঠাৎ কাঁপুনি শুরু হলে অনেকেই বাসা থেকে দ্রুত বাইরে বেরিয়ে খোলা স্থানে অবস্থান নেন। যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপভিত্তিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা European-Mediterranean Seismological Centre (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার-এ।
তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের Monywa শহরের প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং Mawlaik শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
বিশেষজ্ঞদের মতে, উৎপত্তিস্থল দেশের বাইরে হলেও ভূমিকম্পের তরঙ্গ বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে। বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভবন নির্মাণে বিধিমালা মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ কম্পনে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। কর্তৃপক্ষ গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
