কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাসপাম্পে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন এবং আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ও একটি গ্যারেজে রাখা বহু যানবাহন পুড়ে গেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দীর্ঘ সময় চেষ্টার পর রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চালু হওয়া একটি এলপিজি পাম্পের ট্যাংক থেকে প্রথমে গ্যাস লিকেজ হয়। সন্ধ্যার দিকে সেই লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলেও কর্মীরা বালু ও পানি দিয়ে পরিস্থিতি সামাল দেন। তবে পরে ট্যাংকে জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
জেলা প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট একযোগে কাজ করে। অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দগ্ধদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, পাম্পসংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। গ্যারেজকর্মীদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় একে একে সব যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। হোটেল-মোটেল জোন সংলগ্ন হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে স্থানীয় হোটেল মালিক সমিতির এক নেতা জানান, সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পরে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হওয়ায় বড় দুর্ঘটনা ঘটে। তিনি নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
