সুপার এইটের সমীকরণে বড় পরিবর্তন এনে দিল ভারতের জয়। জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে শুধু নিজেদের সম্ভাবনাই জাগিয়ে রাখেনি, বরং গ্রুপ–১ থেকে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে।
চেন্নাইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাঁচা–মরার ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। জয়ের ফলে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়। একই সঙ্গে দুই ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট সংগ্রহ করা দক্ষিণ আফ্রিকা উঠে যায় শেষ চারে।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। সমান দুই পয়েন্ট করে আছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। তবে উন্নত নেট রানরেটের কারণে দ্বিতীয় স্থানে ক্যারিবীয়রা, তৃতীয় স্থানে ভারত। পয়েন্টশূন্য অবস্থায় তলানিতে জিম্বাবুয়ে।
গ্রুপপর্বে প্রত্যেক দলের একটি করে ম্যাচ বাকি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে হারলেও তাদের সেমিফাইনাল নিশ্চিতই থাকবে, আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা জোরালো হবে।
১ মার্চ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই কার্যত নকআউট ম্যাচে পরিণত হয়েছে। জয়ী দল পাবে সেমিফাইনালের টিকিট, আর পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে নেট রানরেট বিবেচনায় এগিয়ে থাকায় সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ।
