মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (১১ মার্চ) রাত প্রায় ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে। আহত চালকের নাম মো. শরিফুল ইসলাম (৪০)। তিনি সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি এলাকার নোকালী গ্রামের বাসিন্দা। উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, পাবনা জেলার দাশুরিয়া এলাকা থেকে রাইচবার্ন অয়েল নিয়ে ট্রাকটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। রাতে শাহ মাখদুম নামের একটি ফেরি থেকে ট্রাকটি নামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ঘাটের র্যাম্প থেকে সোজা পদ্মা নদীতে পড়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দল চালককে জীবিত উদ্ধার করে। উদ্ধার শেষে তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরিচা স্থলবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। নদীর ওই অংশে পানির গভীরতা প্রায় ৪০ থেকে ৫০ ফুট হওয়ায় ট্রাকটি সম্পূর্ণ তলিয়ে গেছে।
তিনি আরও জানান, ট্রাকটিতে রাইজবার্ন অয়েল ছিল। ট্রাকটি বিকল্প সড়ক দিয়ে পাবনা হয়ে রাজবাড়ী জেলার দৌলতদিয়া হয়ে পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে নারায়ণগঞ্জে যাওয়ার কথা ছিল।
