ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে তার সাবেক ব্যক্তিগত বাবুর্চি আদালতে মামলা করেছেন। অভিযোগ, নেইমারের বিলাসবহুল ম্যানশনে তাকে খুবই কঠোর ও দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো।
মামলার নথিতে বলা হয়েছে, শুধু নেইমারের জন্য নয়, তার অতিথি এবং বন্ধুদের জন্যও নিয়মিত খাবার প্রস্তুত করতে হতো, কখনো কখনো ১৬ ঘণ্টা পর্যন্ত। চুক্তিতে সাধারণ কর্মঘণ্টা সকাল ৭টা থেকে বিকেল ৫টা হলেও, প্রায়ই তাকে রাত ১১–১২টা পর্যন্ত কাজ করতে হতো। সাপ্তাহিক ছুটির দিনেও বিরতি দেওয়া হতো না।
দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং বাজারের ভারী জিনিস বহনের কারণে বাবুর্চি দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা যেমন পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনসহ ভুগছেন। তিনি নেইমারের কাছে বকেয়া বেতন, ওভারটাইম ও চিকিৎসা খরচ মিলিয়ে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন।
মামলাটি রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা হয়েছে। নেইমার এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।
