মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ক্রমেই জটিল আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে এশিয়ার শক্তিধর দেশ চীন।
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বহু শিক্ষার্থী নিহত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছে বেইজিং। একই সঙ্গে জরুরি মানবিক সহায়তা হিসেবে প্রায় দুই লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, এই সহায়তা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। চীনের রেড ক্রস সোসাইটি থেকে এই অর্থ দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং তাদের প্রতি সমবেদনা জানাতেই এই অনুদান দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে গুয়ো জিয়াকুন বলেন, একটি স্কুলে হামলা এবং নিরীহ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতার মৌলিক নীতিরও পরিপন্থী। তিনি আরও বলেন, চীন সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাস করে এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
চীনের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
এদিকে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে চীনের মুখপাত্র বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। পাশাপাশি চলমান সামরিক অভিযান বন্ধ করে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ জন শিক্ষার্থী নিহত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত এক হাজার তিনশর বেশি মানুষ নিহত এবং আহত হয়েছেন দশ হাজারেরও বেশি।
